সকালবেলা
পিছনে

গোপনীয়তা নীতি

আপনার কোন তথ্য আমরা নিই, কেন নিই, কার সাথে ভাগ করি আর কত দিন রাখি, সহজ ভাষায় এক জায়গায়।

অল্প কথায়

সর্বশেষ হালনাগাদ: ১৭ নভেম্বর ২০২৬

  • আপনার তথ্য আমরা কখনো বিক্রি করি না।
  • শুধু ততটুকুই নিই, যতটুকু অর্ডার পৌঁছাতে আর অ্যাকাউন্ট নিরাপদ রাখতে লাগে।
  • বিজ্ঞাপনের কুকি বা অন্য কোম্পানির ট্র্যাকার নেই।

আমরা কে

সকালবেলা ঢাকা, বাংলাদেশের একটি মুদি আর দৈনন্দিন পণ্যের দোকান। আমাদের ওয়েবসাইট sokalbela.com, মোবাইল অ্যাপ আর দোকানের কাউন্টার, তিন জায়গা থেকেই কেনাকাটা করা যায়।

এই নীতি তিন জায়গাতেই খাটে। এখানে "আমরা" মানে সকালবেলা, আর "আপনি" মানে যিনি আমাদের সাইট, অ্যাপ বা দোকান ব্যবহার করেন।

কোন তথ্য নিই

আপনি নিজে যা দেন, আর কেনাকাটার সময় যা তৈরি হয়:

  • অ্যাকাউন্ট: নাম, ইমেইল আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড এমনভাবে বদলে রাখা হয় যে আমরা নিজেরাও তা পড়তে পারি না।
  • মোবাইল নম্বর: চাইলে যোগ করেন, কোড দিয়ে যাচাই হয়। অর্ডারের সময় দেওয়া নম্বর প্রোফাইলে বসে শুধু যদি সেখানে আগে কোনো নম্বর না থাকে।
  • ঠিকানা: ঘরের ঠিকানা আর ম্যাপে বসানো পিন। আপনি "আমার অবস্থান" বেছে নিলে তবেই ডিভাইসের অবস্থান পড়া হয়, শুধু সেই একবার।
  • কেনাকাটা: অর্ডার, রসিদ, ফেরত, পয়েন্ট আর কুপনের হিসাব।
  • পেমেন্ট: কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য সরাসরি SSLCommerz-এ যায়। কার্ড নম্বর বা পিন আমাদের কাছে আসে না, আমরা রাখি শুধু পেমেন্ট হলো কি না আর তার নম্বর।
  • সহায়তা: অ্যাপে করা আপনার প্রশ্ন, আর হটলাইন বা WhatsApp-এ বলা কথার যা আমাদের কর্মী লিখে রাখেন।
  • নিরাপত্তা: কোন ডিভাইস আর ব্রাউজার থেকে সাইন-ইন হলো, আর তার IP ঠিকানা। অচেনা সাইন-ইন ধরতে আর "সব ডিভাইস থেকে সাইন-আউট" চালাতে এটা লাগে।

Google দিয়ে সাইন-ইন

"Google দিয়ে চালিয়ে যান" বেছে নিলে Google আমাদের পাঠায় আপনার নাম, ইমেইল ঠিকানা, ইমেইলটা যাচাই করা কি না, আর প্রোফাইল ছবি (থাকলে)। এর বেশি কিছু নয়: আপনার Gmail, Drive, পরিচিতি বা অন্য কোনো Google তথ্য আমরা দেখতে পাই না।

এই তথ্য ব্যবহার হয় শুধু আপনাকে সাইন-ইন করাতে আর অ্যাকাউন্টে নাম ও ছবি দেখাতে। বিজ্ঞাপনে, বিক্রিতে বা অন্য কাউকে দিতে কখনো নয়। Google থেকে পাওয়া তথ্য আমরা ব্যবহার করি Google API Services User Data Policy মেনে, তার Limited Use শর্তসহ।

সংযোগ সরাতে চাইলে আপনার Google অ্যাকাউন্টের "Third-party apps & services" থেকে সকালবেলাকে সরিয়ে দিন। এরপরও ইমেইল দিয়ে সাইন-ইন করা যাবে; পাসওয়ার্ড না থাকলে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" থেকে একটা বানিয়ে নিন।

কেন ব্যবহার করি

আপনার তথ্য লাগে শুধু এই কাজগুলোতে:

  • অর্ডার নেওয়া, প্যাক করা আর আপনার দরজায় পৌঁছে দেওয়া।
  • ম্যাপের পিন থেকে সবচেয়ে কাছের দোকান, ডেলিভারির দূরত্ব আর খরচ ঠিক করা।
  • অর্ডার, পেমেন্ট আর ডেলিভারির খবর জানানো: অ্যাপের নোটিফিকেশনে, আর যাচাই করা ইমেইলে।
  • পয়েন্ট, কুপন আর অফারের হিসাব রাখা।
  • আপনার প্রশ্নের উত্তর দেওয়া।
  • অ্যাকাউন্ট নিরাপদ রাখা আর প্রতারণা ঠেকানো।
  • আইন অনুযায়ী হিসাব, VAT আর রসিদের রেকর্ড রাখা।

কার সাথে ভাগ করি

আপনার তথ্য আমরা বিক্রি করি না, ভাড়াও দিই না। শুধু যাদের ছাড়া কাজটা হয় না, তারা পায় ততটুকুই:

  • ডেলিভারি: আমাদের রাইডার বা কুরিয়ার, শুধু নাম, ফোন নম্বর আর ঠিকানা।
  • পেমেন্ট: SSLCommerz, আর আপনি যে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং বেছে নেন।
  • ম্যাপ: Google Maps, রাস্তার দূরত্ব মাপতে ঠিকানার অবস্থান। আপনার নাম বা ফোন নম্বর নয়।
  • বার্তা: ইমেইল আর SMS পাঠানোর সেবা, শুধু যে বার্তা যাচ্ছে সেটুকু।
  • আইন: সরকার বা আদালত আইন মেনে চাইলে।

কুকি আর ব্রাউজারে রাখা তথ্য

সাইন-ইন ধরে রাখতে আমরা কুকি ব্যবহার করি। এগুলো sokalbela.com-এর সব অংশে কাজ করে, তাই একবার সাইন-ইন করলেই চলে।

সাইন-ইন ছাড়া কার্টে রাখা পণ্য, আর ভাষা ও রঙের পছন্দ থাকে আপনার ব্রাউজারেই।

বিজ্ঞাপনের কুকি, অন্য কোম্পানির ট্র্যাকার বা ভিজিটর গোনার টুল আমরা ব্যবহার করি না। "Google দিয়ে চালিয়ে যান" বোতামটা Google নিজে দেখায়; তার নিয়ম Google-এর গোপনীয়তা নীতিতে।

কত দিন রাখি

  • সাইন-ইন: ৩০ দিন ব্যবহার না হলে, অথবা সাইন-ইনের ৯০ দিন পর, নিজে থেকে শেষ হয়।
  • নোটিফিকেশন: মুছে দিলে ৩০ দিনে, পড়া হলে ৯০ দিনে, আর যেকোনোটা ১৮০ দিনে মুছে যায়।
  • কখনো কিছু কেনেননি আর আমাদের কাছে টাকাও নেই, এমন অ্যাকাউন্ট অনেক দিন (এখন ১৮০ দিন) ব্যবহার না হলে নিজে থেকে মুছে যায়।
  • অর্ডার, রসিদ আর পেমেন্ট: আইনে হিসাব রাখার জন্য যত দিন দরকার, তত দিন।
  • ঠিকানা: মুছে ফেললে আর দেখায় না, তবে আগের অর্ডারের রেকর্ডে থেকে যায়।

নিরাপত্তা

আমাদের সাইট আর অ্যাপের সব যোগাযোগ HTTPS দিয়ে সুরক্ষিত। পাসওয়ার্ড রাখা হয় এমনভাবে, যা উল্টে পড়া যায় না। আমাদের কর্মীরা দেখেন শুধু নিজের কাজের জন্য যা লাগে।

ফোন হারালে "সব ডিভাইস থেকে সাইন-আউট" ব্যবহার করুন, সাথে সাথে সব সাইন-ইন বন্ধ হয়ে যাবে। সন্দেহজনক কিছু দেখলে আমাদের জানান।

আপনার অধিকার

  • নিজের তথ্য দেখা, আর ভুল থাকলে ঠিক করা।
  • যখন খুশি ঠিকানা মুছে ফেলা।
  • অফার বা প্রচারের ইমেইল বন্ধ করা: আমাদের জানালেই হবে।
  • আপনার যে তথ্য আমাদের কাছে আছে, তার একটা কপি চাওয়া।
  • অ্যাকাউন্ট মুছে ফেলা: আমাদের জানান। আইনে যা রাখতে হয় (রসিদ আর পেমেন্টের হিসাব), তা ছাড়া বাকি সব মুছে দেব।

শিশুদের তথ্য

সকালবেলার অ্যাকাউন্ট প্রাপ্তবয়স্কদের জন্য। ১৮ বছরের কম বয়সীরা মা-বাবা বা অভিভাবকের অনুমতি নিয়ে ব্যবহার করবেন। জেনে-শুনে আমরা শিশুদের তথ্য নিই না।

এই নীতি বদলালে

দরকার হলে এই পাতা হালনাগাদ করা হবে, আর উপরের তারিখ বদলাবে। বড় কোনো বদল হলে অ্যাপে বা ইমেইলে আগেই জানাব।

যোগাযোগ

গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্ন বা অনুরোধে আমাদের হটলাইন, WhatsApp বা অ্যাপের "প্রশ্ন করুন" থেকে লিখুন। ঠিকানা: সকালবেলা, ঢাকা, বাংলাদেশ।